Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় ঝড়-শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

ঝিনাইদহ প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে তলিয়ে গেছে। এতে ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও হতাশা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলহরাচন্দ্র, আবাইপুর, নিত্যানন্দনপুর, সারুটিয়া, দুধসর ও উমেদপুর ইউনিয়নে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। ঝড়ের তোড়ে অনেক জমির ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। শিলাবৃষ্টিতে ধানের শিষ ও দানার ক্ষতি হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানিতে কাটা ও শুকাতে দেওয়া ধানও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

কৃষকদের কাছে আমন ধান সারা বছরের সংসার পরিচালনা ও জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন। ধান পেকে ওঠায় অনেকেই কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়ে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি তাঁদের সেই আশায় বড় ধরনের আঘাত হেনেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শৈলকুপায় ২৪ হাজার ৯৪৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ২৪ হাজার ৯৪৮ হেক্টর জমিতে।

দুধসর ইউনিয়নের কৃষক বায়েজিদ হোসেন বলেন, বুধবার রাতের ঝড়-বৃষ্টিতে তাঁর দুই বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। এ ক্ষতি কীভাবে পুষিয়ে নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

উমেদপুর ইউনিয়নের কৃষক সিহাব মোল্লা বলেন, হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস পেয়ে অনেক কৃষক কেটে রাখা ধান পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও অনেক ধান বৃষ্টিতে ভিজে গেছে।

অন্যদিকে মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামের স্কুলশিক্ষক শফিকুল ইসলাম জানান, তাঁর দেড় বিঘা জমির কাটা ও শুকাতে দেওয়া ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ধানের পাশাপাশি পেঁয়াজের দানারও ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত মাঠপর্যায়ে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁদের জরুরি সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠপর্যায়ে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, এখনো ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। দ্রুত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণ করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।