ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাতে পৌরসভার পুরাতন থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে দাগনভূঞা বাজারের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর আতঙ্কে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের অনুসারীরা একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

