বাগেরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বাগেরহাট সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন জেলা বিএনপি নেতা ও হযরত খানজাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। সফরের অর্জন, জেলার উন্নয়ন এবং স্থানীয় মানুষের প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাজার সংলগ্ন দিঘির ঘাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ফকির তারিকুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো বাগেরহাট সফরের মধ্য দিয়ে এ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সফরের অংশ হিসেবে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরকে তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটবাসীর দীর্ঘদিনের দাবিগুলোও তুলে ধরেন ফকির তারিকুল ইসলাম। এর মধ্যে রয়েছে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মোংলা-খুলনা রেলপথ ও সড়ক যোগাযোগের আধুনিকায়ন, মেডিকেল কলেজ স্থাপন এবং খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের ঘোষিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

