দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার মেয়াদোত্তীর্ণ তিনটি ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম সচল রাখা ও নাগরিক সেবা নিশ্চিত করতে এ নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার (১) উপধারা অনুযায়ী তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন—১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন এবং ৪ নম্বর আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

