Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ, বিচার দাবিতে উত্তেজনা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি 
নভেম্বর ১৩, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোল্লাহাটে এক মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা কম্পাউন্ডের মসজিদে ইমামতি ও মক্তবে পাঠদান করতেন অভিযুক্ত মাফিজ খন্দকার (২৬)। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবার ও এলাকাবাসী দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী এক শিশুর মা অভিযোগ করেছেন, ওই ইমাম তার শিশু ছেলেকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছেন। তার দাবি, আরও কয়েকজন শিশু একইভাবে নির্যাতনের শিকার হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজে নির্যাতনের পাশাপাশি এক শিশুকে দিয়ে অন্য শিশুর ওপরও একই ধরনের অপরাধ করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিন দিন আগে তার ছেলেসহ দুই শিশুকে নির্যাতনের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্তের ভাতিজা ও মামাতো ভাই তার দুই ছেলেকে হত্যার হুমকি দিয়েছেন বলেও তিনি জানান।

ভুক্তভোগী শিশুর চাচা ও অন্য একটি মসজিদের ইমাম হাফেজ বাবুল খন্দকার বলেছেন, কোনো আলেমের দ্বারা এমন জঘন্য অপরাধ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার যথাযথ বিচার হওয়া জরুরি। মোল্লাহাটের ইমামদের পক্ষ থেকে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ওই মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল সরদার জানান, শিশু-কিশোররা মাফিজ হুজুরকে হাতেনাতে আটক করার পর তিনি মোবাইলে তওবা করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে মসজিদে গিয়ে দেখেন ছেলেরা তাকে আটকে রেখেছে। তাদের সরিয়ে দিলে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন বলে দাবি করেন তিনি। এরপর থেকে তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে।

সাইফুল সরদার আরও বলেন, অভিযুক্তের বিচারের দাবিতে মঙ্গলবার মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি ওই বৈঠকে উপস্থিত না হয়ে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি সিকদার নাসির উদ্দিনসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও একই ধরনের অভিযোগ তুলে বিচার দাবি করেছেন। অভিযুক্ত মাফিজ খন্দকারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানিয়েছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আসামিকে আটকের চেষ্টা চলছে।

শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।