Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ১৩, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

গত বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

প্রস্তাবিত মেডিক্যাল সিটির আওতায় উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির জন্য আধুনিক মেডিকেল শিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার।

বৈঠকের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালটির আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা, চিকিৎসাসেবা পরিচালনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

প্রকল্প বাস্তবায়নে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা হয়।

ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এএসএএএল (ASAAL)-এর সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন।

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।