নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বাসার বেলকুনিতে খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৌউদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পত্নীতলা পল্লী বিদ্যুৎ-২ অফিসের পেছনে একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌউদ মহাদেবপুর উপজেলার শহররায় গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে। সে দারুন নাজাত ইসলামি একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই ভবনের বেলকুনিতে দুই শিশু খেলাধুলা করছিল। এ সময় বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে থাকা একটি এসএস পাইপে স্পর্শ করলে সৌউদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখতে পেয়ে তার মা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তুলি পাল তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) অপূর্বকে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

