কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী—এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতারা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যান বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল আমিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায়মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

