পঞ্চগড় প্রতিনিধি
কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসনকাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে সরকার দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখবে।
পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড়ের বাস্তবায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা। এর আওতায় দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
প্রকল্পের আওতায় দীর্ঘ ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুয়াডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপনের কাজ করা হবে। এসব কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন।

