টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫শ’ থেকে ২ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী।
তিনি বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘটিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারপর যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ, অগ্নি সংযোগ ও পুলিশ সদস্যদের সরকারি গাড়ি পথরোধ করে ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমন করে। লাঠি সোঠা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সমস্ত গ্লাস ভেঙ্গে ফেলে। তখন তাদেরকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরন ও ভাঙচুর অব্যাহত রেখে একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সরকারী সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিআর সেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাকা নিক্ষেপের পরপরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

