Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকরা, বরাদ্দ ১৫০ টন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ১৪, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যদিনের ব্যয় সামাল দিতে হিমশিম খাওয়া পোশাকশ্রমিকদের জন্য স্বস্তির উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় গাজীপুর মহানগরের ৩০টি পোশাক কারখানার শ্রমিকদের জন্য প্রাথমিকভাবে ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) টঙ্গীর পাগাড় এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। একই দিন মহানগরের বিভিন্ন পোশাক কারখানায়ও চাল বিক্রি শুরু হয়।

কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। সে হিসাবে ১০ কেজি চালের দাম পড়বে ৩০০ টাকা। চাল সংগ্রহের সময় শ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র দেখাতে হচ্ছে। পাশাপাশি কারখানার মাস্টাররোলে স্বাক্ষরের মাধ্যমে চাল বিক্রির তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার ৫০০ শ্রমিকের মধ্যে প্রথম পর্যায়ে চাল বিতরণ করা হয়েছে। কারখানাটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাজী শরিফুল ইসলাম রেজা।

চাল কিনতে আসা শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সীমিত আয়ের মধ্যে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তুলনামূলক কম দামে চাল পাওয়ায় পরিবারের খাদ্য ব্যয় কিছুটা কমবে। তবে চালের পাশাপাশি ডাল, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও স্বল্পমূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম জানান, পর্যায়ক্রমে নির্ধারিত পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ন্যায্যমূল্যে চাল বিক্রি করা হবে। প্রাথমিকভাবে মহানগরের ৩০টি কারখানাকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রাথমিক পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি স্থানে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত শিল্প হাসপাতাল টঙ্গীতে স্থাপন করা হবে। পোশাকশিল্পে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের ও এ এস এম রফিকুল ইসলাম নোমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে সরকার প্রাথমিকভাবে তিন মাসের জন্য দেশব্যাপী বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। সারাদেশে ৭৫টি ট্রাকে প্রতিটিতে পাঁচ মেট্রিক টন করে মোট ৩৭৫ মেট্রিক টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।