জয়পুরহাট প্রতিনিধি
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। শিরট্টী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী সভাটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. মাসুদ রানা, কালাইয়ের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আ.ফ.ম. ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এবং কালাই ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। বর্তমানে বিশ্বজুড়ে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

