Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের দুই আদালতে ককটেল বিস্ফোরণ, মামলা: আটক ৯, শহরজুড়ে নিরাপত্তা জোরদার

যশোর প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে যশোর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদালতের পৃথক দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।

আটক ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান লাবলু, লাভলু, ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন। তবে পুলিশের দেওয়া তালিকায় আটক নয়জনের মধ্যে একজনের নাম স্পষ্ট করা হয়নি।

মামলার এজাহারে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, সম্রাট, তানভির, হৃদয়, বাপ্পি ওরফে ভোমর বাপ্পি, আইজুল, তুহিন, শিপন ওরফে ভাগনে শিপন, দেলো, মোহন আলী, মামুন ওরফে ব্ল্যাক মামুন, অমিত কর্মকার, আবুজার হোসাইন, ইকবাল বাদশা রনি, সুমন, আবির ও জাফর।

এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এসআই রাইসুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি জানতে পারেন, সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে। এ ছাড়া রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। সেটি আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিস্ফোরিত হয়। সেখান থেকে ছয়টি বিয়ারিং বল, কালো স্কচটেপের দুটি টুকরা ও বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাঁরা শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের ধারণা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দুই আদালতে বিস্ফোরণের ঘটনার পর যশোর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। জেলাজুড়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।