কুষ্টিয়া প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। একই সঙ্গে সরকার ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় সংসদ সদস্য আব্দুল গফুর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনের পরও দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের বক্তব্য তদন্ত কমিটির ওপর চাপ সৃষ্টি করেছে বলে তাঁরা মনে করেন।
তিনি বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে মানুষের বসবাসের সব ধরনের আলামত রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বর্তমান সরকার ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে অন্য বিষয়ে বেশি মনোযোগ দিচ্ছেন বলেও সমালোচনা করেন তিনি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, বিরোধী দলের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িটি ঘুরে দেখে সেখানে মানুষের বসবাসের স্পষ্ট আলামত পাওয়া গেছে। সাতজন মানুষ সেখানে ঘুমিয়ে ছিলেন। রান্না ও খাওয়াদাওয়ার আলামত রয়েছে। শিশুদের পড়াশোনার পরিবেশও ছিল। অর্থাৎ বাড়িটি কোনোভাবেই পরিত্যক্ত ছিল না।
তিনি আরও বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে বরং ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগেই এমন বক্তব্য দেওয়া দায়িত্বশীল আচরণ নয়।
এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই তদন্ত কার্যক্রম শুরু করেছেন কমিটির সদস্যরা।
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁরা আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন এবং আলামত সংগ্রহ করেন। পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে তাঁরা কাজ করছেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত মধ্যরাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। আগুনে দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

