Nabadhara
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু, ১০৬ মণ্ডপে উৎসবের আয়োজন

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উৎসব। রোববার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন হলেও কাত্যায়নী পূজা এখন মাগুরার সব ধর্ম-বর্ণের মানুষের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

এ বছর জেলার ১০৬টি মণ্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকার জামরুলতলা, নতুন বাজার, ছানার বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী ও পারনান্দুয়ালীসহ ১৪টি মণ্ডপে থাকছে বিশেষ আয়োজন। পূজা উপলক্ষে পুরো শহর সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডেলে। প্রতিটি মণ্ডপে তুলে ধরা হয়েছে নানা ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যশৈলী।

১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। তবে নতুন বাজার ও ছানার বটতলায় পূজাকে কেন্দ্র করে বসা মেলা চলবে আরও সাত দিন। মেলায় ফার্নিচারসহ বিভিন্ন পণ্য ও গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন থাকছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা মেলায় পসরা সাজিয়ে বসেছেন।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, ১৯৫০ সালের দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এ পূজার প্রচলন করেন। সময়ের সঙ্গে সঙ্গে এ উৎসবের ব্যাপ্তি বেড়েছে। বর্তমানে এটি মাগুরার অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস ও সহসভাপতি কনক কান্তি সাহা জানান, কয়েক দশকে কাত্যায়নী পূজার আয়োজন ও মণ্ডপের সংখ্যা অনেক বেড়েছে। মাগুরার ঐতিহ্যবাহী এ উৎসব এখন সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম মিলনমেলায় পরিণত হয়েছে।

নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস চঞ্চল বলেন, কাত্যায়নী মূলত একটি ব্রত। ব্রজাঙ্গনারা শ্রীকৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষায় এক মাসব্যাপী এ ব্রত পালন করেছিলেন। সেই পৌরাণিক ঐতিহ্যকে ধারণ করেই মাগুরায় এ উৎসব উদযাপিত হয়ে আসছে।

এবারের আয়োজনে নতুনত্বও থাকছে। প্রতিমা শিল্পী উজ্জ্বল অধিকারী জানান, আধুনিক থিমে ‘জন্ম থেকে মৃত্যু রহস্য’ তুলে ধরা হয়েছে। অন্যদিকে প্রতিমা শিল্পী সন্দীপ রায় জানান, বাগেরহাট ও নড়াইলের শিল্পীদের সমন্বয়ে তৈরি করা হচ্ছে বিশেষ প্রতিমা, যেখানে দেবীর আবির্ভাবের বিষয়টি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মাগুরার পুলিশ সুপার মোল্যা মো. আজাদ হোসেন জানান, পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপের আশপাশে সিসি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা রাখা হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, কাত্যায়নী পূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হলেও এটি দীর্ঘদিন ধরে মাগুরার সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সব সম্প্রদায়ের মানুষ আনন্দের সঙ্গে এ উৎসবে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।