সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেছে মোল্লা কল্যাণ ট্রাস্ট। ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে মশা নিধনের এ কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও আসন্ন বক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলজার হোসেন মোল্লা।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিম শাহরিয়ার মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কবির নাঈম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাদিম হোসেন সুমন, সমাজসেবক রমজান ভূঁইয়া এবং উপজেলা মহিলা দলের সহসভাপতি নাজমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে গোলজার হোসেন মোল্লা বলেন, মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে মশা নিধন করা হবে। ট্রাস্টের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, শিক্ষাবৃত্তি এবং কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি কার্যক্রমের পাশাপাশি ট্রাস্টের সামাজিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।
এ সময় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক হোসেন, সরকারি শ্রমিক কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশিদুল হাসান জীবন, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

