Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও শিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী আহমেদ সিকদার। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় নিজের নাম প্রথমে থাকলেও শেষ পর্যন্ত ডিলারশিপ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে আহমেদ সিকদার বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের আহ্বায়ক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র, নিজস্ব গুদামসহ ডিলার নিয়োগের সব শর্ত পূরণ করে বুড়াইচ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য আবেদন করেন। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথমে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে নিয়োগ দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, তাঁর পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত এক ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ডিলারের পর্যাপ্ত নিজস্ব গুদাম নেই বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ডিলারের টিনশেড স্থাপনাটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে হওয়ায় সার পরিবহন ও ওঠানামায় অসুবিধা হতে পারে।

অন্যদিকে, নিজের দুইতলা ভবনের নিচতলা ও দোতলার অর্ধেক অংশ গুদাম হিসেবে ব্যবহারের উপযোগী এবং ভবনটি প্রধান সড়কের পাশে হওয়ায় সার সংরক্ষণ ও পরিবহনে সুবিধা রয়েছে বলে দাবি করেন আহমেদ সিকদার। যোগ্যতা ও প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও তাঁকে ডিলারশিপ না দেওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সুষ্ঠু সমাধানের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন কাজল, বিএনপি নেতা সুজনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, বুড়াইচ ইউনিয়নে নিয়োগ পাওয়া সার ডিলার ইনামূল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইনামুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য তিনজন আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি আরও যাচাই-বাছাই করে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।