একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির নবগঠিত জেলা কমিটির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের তেঘরিয়ায় হাসন রাজার বাড়িতে এ সম্মেলনের আয়োজন করে এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি।
জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুল শারফিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলী আসগর ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন, সিলেট মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন খান এবং সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, ৫ আগস্টের পর তাঁরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আড়াই হাজার মানুষ আহত হয়েছেন, ১ হাজার ৪০০ জন শহীদ হয়েছেন এবং ৬০০ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। তারপরও মানুষের মুক্তি আসেনি। এবি পার্টি কল্যাণ ও সমস্যা সমাধানের রাজনীতি করে। দলটির হাত ধরেই দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান বক্তা সৈয়দ তালহা আলম বলেন, এবি পার্টির প্রথম স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’। পরে অন্য একটি দল সেই স্লোগান নিজেদের করে নিয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এখনো সংস্কার নিয়ে কার্যকর আলোচনা নেই।
তিনি বলেন, অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের মতো নেতৃত্ব প্রয়োজন। তাহলেই দেশ সঠিক দিশা পাবে।
সম্মেলনে জেলা কমিটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে এবি পার্টির পক্ষ থেকে শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা, জগন্নাথপুর পৌরসভা ও জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

