নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় কৃষক পিতা আফসার শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে খায়রুল শেখকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গোপালগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খায়রুল শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নিহত কৃষক আফসার শেখের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ নভেম্বর দুপুরে পারিবারিক কলহের জেরে খায়রুল শেখ বটি দিয়ে তাঁর বাবা আফসার শেখকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বড় ছেলে শামীম শেখ বাদী হয়ে গত ৭ নভেম্বর ছোট ভাই খায়রুল শেখ, তাঁর স্ত্রী জুঁই বেগম ও মা আনোয়ারা বেগমকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ এজাহারভুক্ত আসামি জুঁই বেগম ও আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে নড়াইল জেলা কারাগারে পাঠায়। সর্বশেষ অভিযানে গোপালগঞ্জ শহর থেকে প্রধান অভিযুক্ত খায়রুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

