নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোশাররফ হোসেন শান্তকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের আক্কাস সরদারের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার রাতে তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতা হিসেবে মোশাররফ হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগের একটি সাজা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

