নওগাঁ প্রতিনিধি
ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে অভিনব কায়দায় ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার আবুল হাসানের ছেলে মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবাসসুম নিশি (২৮)। বগুড়া জেলার বিভিন্ন এলাকায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সুপার জানান, শহিদুল ইসলাম রিপন ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। এ সুবাদে ২০১৫ সালে তাঁর চলতি হিসাবের বিপরীতে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ব্যাংকটি।
সম্প্রতি ওই ক্রেডিট কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর করেন তিনি। শুরুতে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) নওগাঁ সদর মডেল থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে সদর থানার ওসি মিন্টু রহমান ও ডিবির ওসি হাসিবুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ দল বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে শহিদুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের আলমারিতে বিশেষভাবে লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তাঁরা বিলাসী জীবনযাপন করতেন।
এ ঘটনার সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র কিংবা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

