মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের আয়োজনে ‘সিনেমারিনা’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে আয়োজিত কর্মশালায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন, অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং অভিবাসন বিষয়ে গণমাধ্যমে সংবেদনশীল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, অমল বিশ্বাস ও তারেক মাহমুদ এবং রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে বিভিন্ন গণমাধ্যমের ২৪ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে মাদারীপুর একটি উল্লেখযোগ্য জেলা। এ অবস্থায় নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরি, অভিবাসনপ্রত্যাশীদের সঠিক তথ্য দেওয়া এবং অভিবাসনসংক্রান্ত সংবাদ দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

