শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সামান্য স্বার্থের কারণে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি না করে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক।
জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, মাছ, কৃষি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে শ্যামনগরের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এ জনপদের সবচেয়ে বড় পরিচয়। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে এলাকার প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শ্যামনগর শুধু সাতক্ষীরা নয়, গোটা বিভাগ তথা দেশের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনোভাবেই পিছিয়ে যেতে দেওয়া যাবে না। দেশকে বুকে ধারণ করে প্রত্যেককে নিজ নিজ ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের অগ্রগতিতে কাজ করতে হবে।
মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পারিবারিক সচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, পরিবারের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্য উদ্বেগজনক। শুরুতেই এসব অপরাধ প্রতিরোধ করতে না পারলে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি সবার ছোটখাটো ভুলত্রুটি সংশোধন করে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
সভায় পদ্মপুকুরের উপকূলীয় রক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, সরকারি জমির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খেলার মাঠ গড়ে তোলাসহ শ্যামনগরের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মাহাবুব, সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান আমজাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবী প্রতিনিধিরা।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এরপর তিনি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও শ্যামনগর থানা পরিদর্শন করেন।

