রুয়েট প্রতিনিধি
প্রকৌশল খাতের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ, সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন এবং পেশাগত মর্যাদা রক্ষার অঙ্গীকার করেছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে জয়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাঁচ শিক্ষক। বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন এ্যাব সমর্থিত প্যানেল থেকে তাঁরা রাজশাহী কেন্দ্রে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত শিক্ষকদের মধ্যে রয়েছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তাঁরা দুজনই কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে জয়ী হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি) পদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং কাউন্সিল সদস্য পদে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল ও ইইই বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিল সদস্য অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদান অপরিসীম হলেও তাঁদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো নেই। নানা ক্ষেত্রে তাঁরা যথাযথ মূল্যায়ন থেকেও বঞ্চিত হচ্ছেন। নিয়োগ, পদোন্নতি ও পদায়নে বৈষম্য দূর করা, যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বণ্টন, চাকরির নিরাপত্তা এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, কেন্দ্রীয় কাউন্সিলে প্রতিনিধি হিসেবে তাঁরা সারা দেশের প্রকৌশলীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে কাজ করবেন। পাশাপাশি প্রকৌশলী সমাজের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার কেন্দ্রীয় পর্যায়ে প্রকৌশলীদের কণ্ঠস্বর আরও জোরালো করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রকৌশল খাতের বৈষম্য নিরসন ও প্রকৌশলী অধিকার আন্দোলনের (ইআরএম) মৌলিক দাবি আদায়ে বিগত সময়ে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত ছিলেন নির্বাচিত এই শিক্ষকরা। এবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে তরুণ প্রকৌশলীদের অধিকার আদায়ের আন্দোলনকে বাস্তবে রূপ দিতে চান তাঁরা।
গত ১২ নভেম্বর ২০২৭-২০২৮ মেয়াদের জন্য দেশব্যাপী একযোগে আইইবির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ৬৯৮ জন ভোটারের মধ্যে ৪০৪ জন ভোট দেন। ভোটদানের হার ছিল ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট ছিল ৩৮৮টি।

