বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর নির্মিত হয়নি একটি ব্রিজ। এতে পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী।
জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট খাল। খালটি গ্রামটিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। খালের দুই পাশে সংযোগ সড়ক থাকলেও ব্রিজ না থাকায় বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবের চর গ্রামের মানুষ সরাসরি চলাচল করতে পারছেন না।
বছরের বেশির ভাগ সময় খালটিতে পানি জমে থাকে। বর্ষাকালে নৌকায় এবং শুকনো মৌসুমে ধানখেত মাড়িয়ে খাল পার হতে হয় স্থানীয়দের। প্রতিদিন শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কৃষকরা। খালের পশ্চিম পাশে উৎপাদিত ফসল বাড়িতে নিতে তাঁদের প্রায় তিন কিলোমিটার ঘুরতে হয়। একইভাবে অটোরিকশাচালক, মোটরসাইকেলচালক ও ব্যবসায়ীদেরও অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হয়। এমনকি বর্ষাকালে খাল পার হয়ে পূর্ব পাশের জামে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতেও নৌকার প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে এখনো কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।
বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘আমাদের সব আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মাণ হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।’
একই গ্রামের ছাত্তার মিয়া বলেন, ‘জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।’
পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, ‘এমপি, মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে তেমন কোনো উন্নয়ন হয়নি। এমনকি গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও নতুন করে নির্মাণ করা হয়নি। জনদুর্ভোগ কমাতে খালের ওপর ব্রিজ নির্মাণের পাশাপাশি রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’
স্থানীয়দের দাবি, বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলে পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং এলাকার যোগাযোগব্যবস্থা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে
এ বিষয়ে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি, এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

