আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পরীক্ষার ফল খারাপ হওয়ায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের বিমল ঢালীর মেয়ে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী কথা ঢালী (১৬) গত সোমবার রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তিনি ওই বিদ্যালয় থেকে ২০২৭ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য টেস্ট (বাছাই) পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
কথা ঢালীর বাবা বিমল ঢালী জানান, সোমবার দুপুরে বিদ্যালয় থেকে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাছাইয়ে অকৃতকার্য হন। এতে অভিমান করে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই বাপ্পী কর্মকার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বিমল ঢালী বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

