বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যাকাণ্ডের আট দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত মো. আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর স্বামী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম। তিনি বলেন, আনোয়ার হাওলাদার হত্যার ঘটনায় অভিযুক্ত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো গ্রেপ্তার হননি। দীর্ঘ সময়েও কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখলে তাঁদের শনাক্ত করে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান আনোয়ার হাওলাদার। এর আগে তিনি হামলায় আহত হয়েছিলেন। ৮ নভেম্বর নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়। একই দিন তাঁর স্ত্রী বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মানববন্ধনে পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা, জহিরুল ইসলাম, হারুন খান ও আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।

