Nabadhara
ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডুয়েটে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার ও আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ১৮, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন: সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য ইউজিসিকেও ধন্যবাদ জানান তিনি।

উপাচার্য বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে প্রযুক্তি এবং বৈশ্বিক কর্মবাজার অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে। এই বাস্তবতায় বর্তমান ও আগামী প্রজন্মকে মাতৃভাষা এবং ইংরেজির পাশাপাশি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষায় দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। বিদেশি ভাষায় দক্ষতা জনশক্তি রপ্তানির সম্ভাবনা বাড়াবে, কর্মবাজারকে বহুমুখী করবে এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অংশগ্রহণ সুদৃঢ় করবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে চীনা ভাষা শিক্ষা বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডুয়েটই প্রথম তৃতীয় ভাষা শিক্ষার জন্য সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস চালু করেছে বলে জানান তিনি। তাঁর আশা, নতুন এ কেন্দ্র ও আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচিতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং র‌্যাঙ্কিং উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগও তৈরি হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, বর্তমান বিশ্বে একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের সক্ষমতা অপরিহার্য। অবকাঠামো, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বিস্তৃত হচ্ছে। এ উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের সুনাম বৃদ্ধিতে অবদান রাখবে।

মূল প্রবন্ধে ড. ইয়াং হুই বলেন, চীনা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সমৃদ্ধ সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বাহক। জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার একটি চীনা ভাষা। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এ ভাষা শিক্ষার সুযোগ রয়েছে। চীনা ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের তিন হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা এবং বৈশ্বিক কর্মবাজারে নতুন সুযোগ পেতে পারেন।

তিনি বাজারের চাহিদার সঙ্গে ভাষাগত দক্ষতার সমন্বয় ঘটাতে ‘চাইনিজ প্লাস’ কোর্স চালুর পরামর্শ দেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান কমিয়ে এ শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, দেশের জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রবেশের জন্য চীনা ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস চালুতে সহযোগিতার জন্য কনফুসিয়াস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ফ্যাকাল্টি আকিব ইরফান চীনা ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

এ ছাড়া অনুষ্ঠানে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. আবদুর রহমান ফরহাদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শফিউল আজম উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের মাধ্যমে শিক্ষার্থীরা ধাপে ধাপে চীনা, জাপানি, ফরাসি, জার্মান ও আরবিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ পাবেন। আন্তর্জাতিক যোগাযোগে দক্ষতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই এ কেন্দ্রের লক্ষ্য।

অন্যদিকে, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিদেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা স্থাপন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, স্কলারশিপ ও ফেলোশিপের তথ্য সরবরাহ এবং বিদেশি শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম সমন্বয় করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।