গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই মহাসড়কের অন্য একটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র জানায়, মহাসড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই ট্রাকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, উপজেলার খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও বাটাজোরের ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
বিএনপির নেতাকর্মীদের দাবি, ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

