ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে উদ্ধার হওয়া দুটি ঈগল পাখি ও ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ অবমুক্ত করেছে বন বিভাগ।
জানা গেছে, মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন দত্তনগরের মথুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করে ৫৮ বিজিবি। পরে সেগুলো ঝিনাইদহের কোটচাঁদপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার প্রণব কুমারের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তী সময়ে ডেপুটি রেঞ্জার প্রণব কুমার ও তাঁর দলের উদ্যোগে প্রাণীগুলো অবমুক্তের ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দুটি ঈগল পাখি বন বিভাগের নিজস্ব বনায়নে এবং ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ কোটচাঁদপুরের বলুহর বাওড়ে অবমুক্ত করা হয়।
এ সময় কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. হাসান ফেরদৌস কমল, সংশ্লিষ্ট ইউনিয়নের জাতীয় মৎস্য হ্যাচারির প্রকল্প কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেপুটি রেঞ্জার প্রণব কুমার বলেন, ঈগল ও কচ্ছপ প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। এসব প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। প্রশাসনের নজরদারির মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষায় তাঁরা কাজ করছেন। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

