ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ব্রিজ থেকে নিচে পড়ে আবুল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভবনগর এলাকার ভাওনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল হোসেন মহেশপুর উপজেলার স্বরূপপুর পশ্চিমপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, আবুল হোসেন প্রতিদিনের মতো রোববার সকালে বিলে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে ভবনগর বাজার থেকে চা পান করে বাইসাইকেলে রওনা দেন। সকাল ১০টার দিকে ভবনগর ভাওনের খালের ব্রিজে ওঠার সময় নিরাপত্তাবেষ্টনী না থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ নিচে পড়ে যান।
স্থানীয়দের দাবি, ব্রিজের নিচে মাছ ধরার বাঁশের বেড়া বা খাঁচার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও বাইসাইকেল উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।”

