ফরিদপুর প্রতিনিধি
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে ফরিদপুরে ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন তারা।
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানগুলোতে সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে মহাসড়কের ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা এবং সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন পয়েন্ট।
এ ছাড়া ফরিদপুর শহরের বাসস্টেশন, হাসপাতাল, রেলওয়ে স্টেশন, পাসপোর্ট অফিস ও আদালত প্রাঙ্গণসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা কমান্ডার আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার বাহিনী প্রস্তুত রয়েছে।

