পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশি লাল পুঁইশাকের (মোটা ডোগা) বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বীজের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে পঞ্চগড় সদর উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়।
ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ী পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বীজগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত পথে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

