সিলেট প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারে মরহুম আব্দুল গনি ও শামছুন নেছা লোদী ফাউন্ডেশনের উদ্যোগে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিটে শেষ হয়। দুই শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ১১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, বিয়ানীবাজারের শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করা, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষক-শিক্ষার্থীদের কার্যকর মূল্যায়নের লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান বাড়বে বলে আশা করছেন তারা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী ও আগ্রহী করে তুলবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন লোদী বলেন, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি যে মনোযোগ ও আগ্রহ তৈরি হচ্ছে, তা ভবিষ্যতে তাদের ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে। পঞ্চম শ্রেণিতে ভালো ফলাফলের অনুপ্রেরণা পরবর্তী শিক্ষাজীবনেও কাজে লাগবে। এভাবে একসময় দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে উঠবে বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, গত তিন বছর ধরে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা আমান উদ্দিন, মো. কুতুব উদ্দিন, মাওলানা মো. এনাম উদ্দিন, আব্দুল আহাদ, মো. এফাজ উদ্দিন, ডা. নজরুল ইসলাম, আহ্বায়ক খালেদ সাইফুদ্দিন জাফরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন, সহসাধারণ সম্পাদক শিবলী মুরাদ জাফরীসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

