কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনের পর পরিবারের কাছে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু ফিরলেন কফিনবন্দি হয়ে। দুবাইয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়ার প্রায় ১৫ দিন পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরেছে তাঁর মরদেহ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে দুবাই থেকে আসা একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহিনের মরদেহ পৌঁছায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া।
নিহত মহিন খান ওই গ্রামের আবু তাহেরের ছেলে। তাঁর স্ত্রী স্বর্ণা আক্তার ও ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেষ বিদায়ে স্বজন, প্রতিবেশীসহ এলাকার শত শত মানুষ অংশ নেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টু এলাকায় নিজ বাসা থেকে মহিন খান, তাঁর কোম্পানির বস ও বসের স্ত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের আবেদন জানানো হয়। পরে ১৪ সেপ্টেম্বর আবুধাবির মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় মহিন খানসহ তিনজনের মরদেহ উদ্ধার করে দুবাই সিআইডি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, গত ৬ নভেম্বর মহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন তাঁরা। এরপর মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়। প্রায় ১৫ দিন পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মহিনের স্বজনেরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টু এলাকায় থাকা মহিনের ব্যক্তিগত গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী স্বর্ণা আক্তার ও তাঁদের কন্যাসন্তান। স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে মহিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক সদস্য কচুয়ার কৃতী সন্তান ডা. মো. আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনেরা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে তাঁদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।

