Nabadhara
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, গাবুরায় ১০০ নৌকার মাঝির মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের সুযোগের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মানববন্ধন করেছেন জেলে ও নৌকার মাঝিরা। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রায় ১০০টি নৌকার মাঝি ও জেলে পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ওপর নির্ভর করেই তাঁদের জীবন-জীবিকা চলে। কিন্তু বনদস্যুদের হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে প্রায় দুই মাস ধরে অনেক জেলে বনে যেতে পারছেন না। ফলে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে পড়েছেন তাঁরা।

 

মানববন্ধনে কান্নায় ভেঙে পড়ে জেলে আবুল কালাম বলেন, ‘আমার তিনটি মেয়ে। তারা আমাকে আব্বু বলে ১০ টাকা চায়। কিন্তু আমি তাদের হাতে ১০ টাকা দিতে পারছি না।’ দ্রুত সুন্দরবন থেকে বনদস্যুদের নির্মূল করে জেলেদের নিরাপদে মাছ ধরার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।

 

জেলে বহাদ্দার আরিফুল ইসলাম বলেন, তিনি ২৫ জন জেলেকে নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করেন। কিন্তু প্রায় দুই মাস ধরে তাঁরা বনে যেতে পারছেন না। তাঁর সঙ্গে থাকা ২৫ জন জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের জীবিকা তাঁর ওপর নির্ভরশীল। সুন্দরবন থেকে বনদস্যুরা ফোন করে তাঁদের ভয়ভীতি দেখাচ্ছে এবং বনে যেতে নিষেধ করছে। মানববন্ধনে অংশ নেওয়ার পরও তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও বলেন, ‘আজ সকালে আমার বাচ্চা না খেয়ে কান্নাকাটি করেছে। আমার সঙ্গে থাকা ২৫ জনের প্রত্যেকের পরিবারে তিন-চারটি করে সন্তান আছে। তারা না খেয়ে থাকলে আমরা কী করব? সরকার দ্রুত ব্যবস্থা নেবে—এটাই আশা করি।’

 

জেলে ওমর ফারুক বলেন, ‘আমি সকালে খাইনি। এখনো রান্না হয়নি। সুন্দরবনে যেতে না পারলে আমরা কীভাবে বাঁচব? মাছ-কাঁকড়া ধরেই আমাদের সংসার চলে।’

সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিভিন্ন শহরে মানববন্ধন ও মিছিল হলে সরকার তা দেখে। কিন্তু সুন্দরবননির্ভর মানুষ যখন মানববন্ধন করছেন, তখন তাঁদের কষ্ট কি সরকারের নজরে আসছে না?

মানববন্ধনে বনদস্যু নির্মূল কমিটির সদস্য আশিকুর রহমান বলেন, রাসমেলায় পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও টহলের ব্যবস্থা করা হয়। অথচ সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে-বাওয়ালিদের নিরাপত্তায় একই ধরনের কার্যকর ব্যবস্থা নেই।

মানববন্ধন থেকে সুন্দরবনে দ্রুত অভিযান পরিচালনা, বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ তৈরির দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।