Nabadhara
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ঢাকঢোল পিটিয়ে ব্রিটিশ আমলের রেওয়াজে আদালতের রায় বাস্তবায়ন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ব্রিটিশ আমল থেকে চলে আসা রেওয়াজ অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে আদালতের রায় বাস্তবায়ন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জমির মালিকানা সংক্রান্ত একটি মামলার রায় বাস্তবায়ন করতে গিয়ে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ ঘটনা দেখতে স্থানীয় উৎসুক মানুষ ভিড় জমান।

আদালত সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজার ৫৯৯৩ নম্বর দাগের ৬৪ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশের মালিকানা নিয়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজবাড়ীর আদালতে মামলা করেন দক্ষিণ দৌলতদিয়া যদু ফকিরপাড়ার বাসিন্দা হাবিব ফকির। মামলায় বিবাদী করা হয় একই গ্রামের জিয়া সরদার ও আলামিন সরদার গংকে। মামলাটির নম্বর ৩৪।

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত বাদীর পক্ষে রায় ঘোষণা করেন। তবে ডিক্রি পাওয়ার পরও বিবাদীদের বাধার কারণে জমির দখল বুঝে নিতে পারছিলেন না বাদী। পরে জমির দখল বুঝে পেতে আদালতে ২০২৬ সালের ১ নম্বর জারি মামলা করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর বাদীকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন, কোর্ট পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে রায় হওয়া জমির চারপাশে লাল পতাকা টাঙানো হয়। পরে জারিকারক মো. জাহিদ প্রামাণিক উপস্থিত সবার সামনে আদালতের আদেশ পড়ে শোনান। এরপর ঢুলি রতন রবি দাস ঢোল পিটিয়ে আদালতের আদেশ বাস্তবায়নের ঘোষণা দেন।

জারিকারক জাহিদ প্রামাণিক জানান, আদালতের রায় বাস্তবায়নের সময় বিবাদী পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু তাঁদের কেউ ঘটনাস্থলে আসেননি। পরে তাঁদের বাড়িতে গিয়ে আদালতের রায়ের বিষয়টি পড়ে শোনানো হয়েছে।

ঢুলি রতন রবি দাস বলেন, বাবা ও ঠাকুরদার পেশা ধরে রেখে প্রায় ৪০ বছর ধরে তিনি ঢোল বাজানোর কাজ করছেন। আদালত থেকে ডাকলে ঘটনাস্থলে গিয়ে এ দায়িত্ব পালন করেন। এটি তাঁর স্থায়ী কোনো চাকরি নয়। ডিক্রিপ্রাপ্ত পক্ষ খুশি হয়ে যা দেন, তা-ই তিনি গ্রহণ করেন। ব্রিটিশ আমল থেকে আদালতের রায় বাস্তবায়নে ঢোল পিটিয়ে ঘোষণা দেওয়ার এই রেওয়াজ চলে আসছে বলেও জানান তিনি।

জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জমির রায় বাস্তবায়ন করে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিবাদী পক্ষের কোনো আপত্তি থাকলে তাঁরা উচ্চ আদালতের আশ্রয় নিতে পারবেন। উচ্চ আদালতের আদেশ ছাড়া তাঁরা ওই জমিতে যেতে পারবেন না বলেও জানান তিনি।

মামলার বাদী হাবিব ফকির আদালতের রায় বাস্তবায়ন ও জমির দখল বুঝে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে বক্তব্য জানতে বিবাদী পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।