ঝালকাঠি প্রতিনিধি
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন ও এনামুল হক সাজু।
সমাবেশে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্র মেরামতের কাজ শুরু করেছে এবং দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় অগ্নিসন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করেছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলের নেতাকর্মীরা বেঁচে থাকতে দেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। প্রয়োজনে নেতাকর্মীদের নিয়ে রাজপথ পাহারা দেওয়া হবে। যেখানেই সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

