কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে শাওন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে কলাপাড়া হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহত সাথী বেগম (৪০) উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের মোশাররফ মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর মেয়ে আলিফা। মেয়ের সেবা-যত্ন করছিলেন সাথী বেগম। সোমবার রাতে আলিফার স্বামী শাওন হাসপাতালে এসে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কিতে জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হলে মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান সাথী বেগম। এ সময় শাওন পকেট থেকে ধারালো অস্ত্র বের করে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান তিনি।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাথী বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর মাথায় সাতটি সেলাই দেন।
অভিযুক্ত শাওন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

