নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলিসহ আব্দুর রহমান আবেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার রায়পুরা থানা এলাকা থেকে নরসিংদী মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আবেদকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আবেদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে নরসিংদী মডেল থানার গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে অভিযান চালানো হয়। এ সময় বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তাঁর দেখানো স্থানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ম্যাগাজিন সংযুক্ত খয়েরি রঙের প্লাস্টিকের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল এবং কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক। এ ছাড়া পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও চার রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুর রহমান আবেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোলপুকুরিয়া গ্রামে। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম। তিনি বর্তমানে নরসিংদীর গাবতলী এলাকায় বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, আবেদ নরসিংদী মডেল থানার মামলা নম্বর ১৯(৮)২৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় এজাহারভুক্ত পলাতক আসামি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

