মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বিচার নিশ্চিত করা এবং বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙার আহ্বানে ফরিদপুরের মধুখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এবং লিগ্যাল এইড উপপরিষদের বাস্তবায়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’।
সংগঠনের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সহসভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তার। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামছুন্নাহার নিহার। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
এ সময় বক্তব্য দেন সাংবাদিক মেহেদী হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক শুক্লা ভৌমিক, লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, অর্থ সম্পাদক রুমা সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তার ও সদস্য আফরোজা।
বক্তারা বলেন, সমাজে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং অনলাইন ও সাইবার সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে সামনে আসছে। প্রকাশ্যে ও আড়ালে নারীর প্রতি সহিংসতা এবং নারী বিদ্বেষী সংস্কৃতিও সমাজে বিদ্যমান।
তারা এসব সহিংসতার ঘটনা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধের বিচার নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের স্থানীয় নেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

