Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডুয়েটে হিট প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে ইউজিসি টিম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ২৭, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বাস্তবায়নাধীন তিনটি হিট (HEAT) প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে প্রগ্রেস রিভিউ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ইউজিসি টিমের সদস্যরা হিট প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন গবেষণাগার ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আব্দুস সাহিদ, অধ্যাপক ড. এ.এন.এম. মোমিনুল ইসলাম মুকুট এবং অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ।

 

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় উপাচার্য বলেন, হিট প্রকল্প গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে বড় সুযোগ তৈরি করেছে। তবে দরপত্র আহ্বান, দাখিল ও মূল্যায়নসহ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব ক্ষেত্রে ইউজিসির পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী গবেষণাকে বাস্তব প্রয়োগে নিয়ে আসতে ডুয়েটে টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য। এ বিষয়ে ইতোমধ্যে ইউজিসিতে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ অফিস প্রতিষ্ঠিত হলে শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল যেন সমাজের কাজে লাগে, সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বিদেশি প্রযুক্তি ব্যয়বহুল হওয়ায় সাশ্রয়ী ও টেকসই দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণাগার ব্যবহারের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে ইউজিসি টিম ডুয়েটে চলমান গবেষণা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে। তারা জানায়, আধুনিক সরঞ্জাম ও দক্ষ গবেষক দলের সমন্বয়ে শিল্প ও পরিবেশের চাহিদাভিত্তিক গবেষণা পরিচালনা করা গেলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের সুবিধা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগানো এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে ডুয়েট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কামাল-আল-হাসান, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউজিসি প্রতিনিধি দলে ছিলেন বুয়েটের অধ্যাপক ড. মো. ইয়াসীর আরাফাত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইসমাইল, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনিনুর রশিদ এবং হিট প্রকল্পের প্রোগ্রাম অফিসার জোবেদা ইয়াসমিন।

উল্লেখ্য, ২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পটি ইউজিসির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, পেটেন্ট, ডিজিটাল নেটওয়ার্ক এবং শিখন-শেখানো পরিবেশের উন্নয়ন এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এর আওতায় ডুয়েটে আধুনিক গবেষণাগার স্থাপন, শিক্ষক-গবেষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ তাঁর প্রকল্পের আওতায় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ প্রতিষ্ঠা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।