কুবি প্রতিনিধি
জাতীয় পর্যায়ের প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতীক বড়ুয়া। ‘প্ল্যানেটারি হেলথ থ্রু দ্য লেন্স–ক্যাট-আর্থ ২০২৬’ প্রতিযোগিতায় তাঁর নির্মিত ‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রটি প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা ও সনদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কমিউনিটি-ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে মো. জাকির হোসেন নির্মিত ‘উরির চর: টেলস অব লাইফ ইন স্যালাইন ওয়াটার্স’ এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাসনোভা তাবাস্সুমের ‘ল্যান্ড অ্যান্ড উম্ব’ প্রামাণ্যচিত্র।
‘সল্ট অ্যান্ড সারভাইভাল’ প্রামাণ্যচিত্রে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে বদলে যাওয়া মানুষের জীবন ও জীবিকার চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে পানির সংকট মোকাবিলা এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সংগ্রাম উঠে এসেছে এতে।
প্রামাণ্যচিত্রটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত একটি গবেষণার ভিজ্যুয়াল উপস্থাপনা। খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে পরিচালিত মাঠপর্যায়ের এ গবেষণায় লবণাক্ততার কারণে মানুষের স্বাস্থ্য, জীবিকা, শিক্ষা, অভিবাসন, সাংস্কৃতিক পরিবর্তন ও সামাজিক বৈষম্যের বিষয়গুলো উঠে এসেছে। পাশাপাশি পানি সংগ্রহে নারীদের বাড়তি শ্রম ও স্বাস্থ্যগত জটিলতাও তুলে ধরা হয়েছে।
প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সুপ্রতীক নিজেই। এতে কণ্ঠ দিয়েছেন সুমাইয়া সুলতানা। গবেষণা ও একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত।
নিজের অনুভূতি জানিয়ে সুপ্রতীক বলেন, এই অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। প্রামাণ্যচিত্রে উপকূলের মানুষের পানির সংকট ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এই স্বীকৃতি তাঁদের উৎসর্গ করেছেন, যাঁরা নিজেদের জীবনের গল্প তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছেন। পাশাপাশি সুপারভাইজার অমিত দত্ত, নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
্
প্রকল্পের পরিচালক ও প্রামাণ্যচিত্রটির সুপারভাইজার অমিত দত্ত বলেন, সুপ্রতীক নিরলস পরিশ্রম করে প্রামাণ্যচিত্রটি নির্মাণ ও সম্পাদনা করেছে। মাঠপর্যায়ের গবেষণা ও ভিজ্যুয়াল ভাষার সমন্বয়ে উপকূলের মানুষের অভিজ্ঞতা তুলে ধরতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ অর্জন নৃবিজ্ঞান বিভাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের।
তিনি আরও আশা প্রকাশ করেন, প্রামাণ্যচিত্রটি লবণাক্ততা ও পানির সংকট নিয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ক্যাট-আর্থ (ক্যাটালাইজিং ট্রান্সফরমেটিভ চেঞ্জ ইন প্ল্যানেটারি হেলথ এডুকেশন) ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত ইরাসমাস প্লাস প্রকল্প। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া ৩৬ মাস মেয়াদি এ প্রকল্পের লক্ষ্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্ল্যানেটারি হেলথ শিক্ষা বিস্তার করা। সিম্পোজিয়ামটির আয়োজক ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সহ-আয়োজক ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন।

