Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ৩ যুবক, পিস্তল উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ফরিদপুরের তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর-মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে প্রাইভেটকারচালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আব্দুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি দল গোয়ালন্দের বেড়িবাঁধ সড়কে অবস্থান করছিল। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দ শহরের দিকে আসার পথে একটি ইজিবাইক তাদের কবলে পড়ে। ডাকাত দলের সদস্যরা ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দলের চারজন ঢাকা মেট্রো-গ-৩২-০৮২৪ নম্বরের একটি সাদা প্রাইভেটকারে এবং দুজন ইয়ামাহা এমটি মোটরসাইকেলে ছিল বলে জানা গেছে।

ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় প্রাইভেটকারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনকে আটক করেন তাঁরা। পরে উত্তেজিত জনতা তাঁদের গণধোলাই দেয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও এএসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক তিন যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে তাঁদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তিন যুবককে গ্রেপ্তার, একটি বিদেশি পিস্তল উদ্ধার ও সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে। শুক্রবার আটক ব্যক্তিদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।