নড়াইলের লোহাগড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও লক্ষ্মীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী বনি আমিন (৬০) আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কাজী বনি আমিন মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে পৌরসভার রাজুপুর গ্রামে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর মরহুমের প্রথম জানাজা নিজ গ্রামের বাড়ী লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে অনুষ্ঠিত হয়।
লোহাগড়ার আন নূর মারকাজ মসজিদ প্রাঙ্গনে বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে তাকে লক্ষীপাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। বর্ষিয়ান নেতা কাজী বনি আমিনের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও শ্রদ্ধা জ্ঞাপন করছেন জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

