নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর কার্যালয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় অবস্থিত বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক জানান, অফিসটিতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না—এমন অভিযোগের ভিত্তিতে তাঁরা সকাল থেকেই ছদ্মবেশে তদারকি শুরু করেন। পরে বিকেলে সরাসরি অভিযান চালানো হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক বলেন, “অভিযোগের সবগুলোই সত্য প্রমাণিত হয়েছে। এমনকি যেসব প্রার্থী পরীক্ষায় শূন্য কিংবা মাত্র পাঁচ নম্বর পেয়েছে, তাদেরও ঘুষের বিনিময়ে পাস করিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এই দুর্নীতির সঙ্গে জড়িত দালাল ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের এই অভিযান এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এসব অভিযানের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।

