রাসেল আহমেদ, খুলনা
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে শিশু-কিশোর ও তরুণদের মাঝে জার্সি বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশন। শুক্রবার (২৫ জুলাই) বারাসাত গ্রামের নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক জার্সি বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক নিজে এই জার্সি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
জার্সি বিতরণকালে পারভেজ মল্লিক বলেন, “বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক সংগঠন হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এই ফাউন্ডেশন নানা সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। এলাকাবাসীর সহযোগিতায় ফাউন্ডেশনের কর্মকাণ্ড দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।”
অনুষ্ঠানে স্থানীয়রা ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এই ফাউন্ডেশন সমাজের অবহেলিত ও দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় পরিবারকে সহায়তা, খেলাধুলা এবং নানা জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।”
ফাউন্ডেশন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

