নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক উল্টে মিজান শেখ (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের রামপুর দরগার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মৃত পহম শেখের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান শেখ লোহাগড়া বাজার থেকে ইজিবাইকে করে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে রামপুর দরগার সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
নড়াইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

