Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় পারভেজ মল্লিকের উঠান বৈঠকে ধর্মীয় সম্প্রীতি ও বিএনপির ৩১ দফা কর্মসূচি

রাসেল আহমেদ,খুলনা
জুলাই ২৫, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে খুলনার তেরখাদা উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে উঠান বৈঠক করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পারভেজ মল্লিক। বৃহস্পতিবার রাতে আটলিয়া ইউনিয়নের অর্জুনা ও বলবদনা গ্রামে এবং সাচিয়াদাহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বৈঠকে পারভেজ মল্লিক বলেন, “বাংলাদেশে হিন্দু-মুসলমানের বিভেদ নেই। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই—সবাই সমান। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। অতীত, বর্তমান ও ভবিষ্যত—সবসময় বিএনপি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে।”

তিনি আরও জানান, “তেরখাদার হিন্দু অধ্যুষিত এলাকায় আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছায় পাহারা দিচ্ছেন—এটাই ধর্মীয় সম্প্রীতির প্রমাণ।”

বৈঠকে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীরা বলেন, “আমরা এখানে সব সময় মিলেমিশে বসবাস করি। আমাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন সম্প্রীতির যে নিদর্শন দেখছি, তাতে আমরা আশাবাদী। এবারের দুর্গাপূজায় মুসলমান ভাইয়েরাই মণ্ডপ পাহারা দিয়েছেন, যা নিঃসন্দেহে বড় উদাহরণ।”

পারভেজ মল্লিক বলেন, “বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক বিভাজনের ফাঁদে পড়ে না। বিএনপি একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের রাষ্ট্র গঠন।”

তিনি জানান, ৫ আগস্টের ‘ছাত্র-জনতার বিপ্লব’ পরবর্তী সময়ে তারেক রহমান ধর্মীয় সম্প্রীতির নির্দেশনা দিয়েছেন, যা মাঠপর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। “দেশনেত্রী খালেদা জিয়া বারবার বলেছেন—প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে দেশ গড়তে হবে,”—উল্লেখ করেন পারভেজ।

এর আগে আটলিয়া বাজারে স্থানীয় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এটাই এখন সময়ের দাবি।”

আলোচনা সভা ও উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, কে এম মোস্তাক আহমেদ, শেখ রবিউল ইসলাম লাকু, সরদার জিয়াউর রহমান, শেখ শরিফুল ইসলাম, গোলজার আলম, লালিম শেখ, বাহার মোল্লা, এনামুল শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।

পারভেজ মল্লিক বলেন, “দেশের প্রতিটি স্তরে মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, জনবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।