হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলায় চাঁদা না দেওয়ায় কৃষকের বাড়িতে বোমা হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতাকে (৩৮) শুক্রবার গভীর রাতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া তোতা শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দরপুর গ্রামের বাসিন্দা এবং বহিষ্কৃত আর্মড পুলিশ সদস্য। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল, মারধর, আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া, বোমা হামলা ও এলাকায় ত্রাস সৃষ্টি করার মতো একাধিক অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোতা ও তার ভাই আসাদুলের নেতৃত্বে গঠিত সন্ত্রাসী দলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ভীত ও আতঙ্কিত। তাদের দলে অন্তত ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে, যারা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো রামদা ও হকস্টিকসহ বিভিন্ন অস্ত্র নিয়ে অপরাধ করে। কেউ প্রতিবাদ করলে তাদের ধরপাকড় ও নির্যাতন করা হয়।
গত ২৩ জুলাই শার্শা থানায় কৃষকসহ ভুক্তভোগীরা তোতা ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যেখানে উল্লেখ ছিল চাঁদা না দেওয়ায় তাদের বাড়িতে বোমা হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তোতাকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “তোতা ও তার ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড দীর্ঘদিন চলছিল। লিখিত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
এদিকে, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, তোতা ও তার ভাইসহ আটজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৫ সালের জানুয়ারিতে বহিষ্কার করা হয়। যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা অভিযোগ করেন, শার্শার এক প্রভাবশালী নেতার মদদে বহিষ্কৃত সন্ত্রাসীরা এখনও সক্রিয় রয়েছে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দ্রুত দলীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

